কক্সবাজারের টেকনাফে ১১ লাখ পিস ইয়াবার একটি বড় চালান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় তৈরি পাঁচটি বড় রামদাও জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।
এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একটি সংঘবদ্ধ চক্র সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থলে সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণের পর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা উদ্ধার করা হয়। কক্সবাজার এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

























