কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) সকালে পালংখালী সীমান্তের গুইজ্জা খালসংলগ্ন মিজানের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ফেলে পালিয়ে যান দুই সন্দেহভাজন ব্যক্তি।
৬৪ বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাচ্ছিল। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে তাঁদের চ্যালেঞ্জ করা হলে তাঁরা হাতে থাকা পোটলাগুলো ফেলে পাশের একটি ঘেরে ঝাঁপ দিয়ে গ্রামের দিকে পালিয়ে যান। এরপর বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলাগুলো তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেট থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৬৪ বিজিবি উখিয়া সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

























