কক্সবাজারের টেকনাফে গভীর রাতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ছয়টি ধারালো ছোরাসহ শেখ বিজয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার ব্যক্তি সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য বলে দাবি করেছে বাহিনীটি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে শেখ বিজয়কে আটক করতে সক্ষম হন অভিযানকারী দলের সদস্যরা।
অভিযানে তাঁর হেফাজত থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গুলি, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ছয়টি ধারালো ছোরা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তার শেখ বিজয় টেকনাফের খারাংখালী এলাকার পূর্ব মহেশখালীয়াপাড়ার বাসিন্দা শাহ আলম ও জহুরা বেগমের ছেলে।
এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

























