জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মৎস্যজীবীদের অংশগ্রহণে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) শেরপুরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, মৎস্যজীবী সমাজের কল্যাণের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
পরে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষের মূল চেতনাকে ধারণ করে মৎস্যজীবী সমাজের কল্যাণ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর শেরপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


























