জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে বালাপাড়া ইউনিয়ন পরিষদে সিরংপু (CRANGPU) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জার্মান উন্নয়ন সংস্থা Brot für die Welt-এর সহায়তায় আরডিআরএস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সভায় বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলীর সভাপতিত্বে এবং আরডিআরএস বাংলাদেশের জেলা কর্মকর্তা মো. শাফকাতুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ইউপি সচিব মো. আবু সাইয়েম, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়, ইউপি সদস্য আমিনুল ইসলাম পলাশ, আনোয়ার হোসেন, মহির উদ্দিন, হাফিজার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শেফালী বেগম, আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট অফিসার জাহিদা মুশতারী এবং উপজেলা অফিসার (সিডি) জাহানারা পারভীন।
এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমামসহ আরডিআরএস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বন্যা ও নদীভাঙন মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতকরণ, আশ্রয়কেন্দ্রের প্রস্তুতি, কমিউনিটি পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং জলবায়ু সহনশীল কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় দুর্যোগ ঝুঁকি হ্রাসে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইউডিএমপি) হালনাগাদ এবং আগাম প্রস্তুতিমূলক কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


























