মাগুরার শ্রীপুরে যুবদল নেতাকে হাতুড়ি পেটা ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীকোল ইউনিয়ন যুবদলের নির্বাচনকালীন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা টিপু সুলতান। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শনিবার (১ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের পূর্বপাড়া এলাকার রহিমের চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন যুবদল নেতা টিপু সুলতান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হওয়ায় ২ নভেম্বর সকালে০ তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন— পূর্ব শ্রীকোল গ্রামের রজিম জোয়ার্দার, কুদ্দুস খাঁ ওরফে কুদু খাঁ, হারুন খাঁ, জীবন খাঁ, জামিরুল মন্ডল এবং মুসা খাঁ।
এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















