জামালপুর প্রতিনিধি : সৌরভ আহম্মেদ
জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মনোনীত করায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) রাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাস্টার আজিজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, শহর যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, যুবদল নেতা শাহাদাত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে ফিরোজ মিয়া, বলেন, এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় জামালপুরবাসী আনন্দিত ও গর্বিত। তারা এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, মন্ত্রিত্বের দায়িত্বকে কাজে লাগিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুর জেলার যোগাযোগব্যবস্থা, পর্যটন ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই তাদের প্রত্যাশা। জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা পূর্ণ মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের প্রতি জোর আহ্বান জানান।
আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে বিএনপি, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

























