কুমিল্লার লালমাই উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, জাতীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে বাছাই করা ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, কাবাডি, কারাতে ও সাঁতার—এই আটটি খেলায় মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে। একজন প্রতিযোগী উপজেলা পর্যায়ে সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সার্বিক সহযোগিতা করবেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. খোরশেদ আলম লোকমান, লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. রফিকুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমরান করিম, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মুজিব, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল খালেক এবং বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া।
এছাড়া হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস কাঞ্চন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির আহমদ, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, উপজেলা কারাতে প্রশিক্ষক মো. সোহেল, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর প্রতিটি পর্যায়ের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

























