উৎসবমুখর পরিবেশে শাহজাদপুরে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম. এ. জাফর লিটন এবং সাধারণ সম্পাদক আল আমিন হোসেন। এ ছাড়াও শিক্ষক নেতা নবী নেওয়াজ, কামরুন নাহার লাকি, শামীমা নাহারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুষম বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা উদীয়মান খেলাধুলোপ্রেমী শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী সেরা শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।


























