বগুড়ার মোকামতলায় রহবল ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন পাকুড়তলার পরিবর্তে রহবল এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টায় রহবল বন্দরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মোকামতলা এলাকার প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে তিনটি ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠন করা হয়। নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও মতবিরোধ দেখা দিলে প্রশাসনের উদ্যোগে গণশুনানির আয়োজন করা হয়।
বক্তারা জানান, গত ২৩ জুন ভরিয়া হাই স্কুল মাঠে দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের দাবিতে অনুষ্ঠিত গণশুনানিতে প্রায় ১ হাজার ১০০ জন সমর্থন জানান। পরে ২৫ জুন রহবল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে প্রায় ৩ হাজার ৭০০ জন রহবল নামের পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নটির নাম ‘রহবল ইউনিয়ন’ হিসেবে চূড়ান্ত করা হয়।
এলাকাবাসীর দাবি, রহবল ইউনিয়ন মোট আটটি মৌজা নিয়ে গঠিত। এর মধ্যে ছয়টি মৌজা রহবল বাজারকেন্দ্রিক এবং দুটি মৌজা পাকুড়তলা কেন্দ্রিক। ইউনিয়নের অধিকাংশ মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম রহবল বাজারকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
তাদের অভিযোগ, ইউনিয়নের নাম ‘রহবল ইউনিয়ন’ রাখা হলেও ইউপি ভবনটি রহবলে নির্মাণ না করে পাকুড়তলার কৃষ্ণপুর মৌজায় নির্মাণের প্রস্তুতি চলছে। প্রস্তাবিত স্থানটি মোকামতলা পৌরসভা থেকে মাত্র প্রায় ১০০ গজ দূরে হওয়ায় ইউনিয়নের সাধারণ জনগণের জন্য এটি কতটা সুবিধাজনক হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
বক্তারা বলেন, ইউনিয়নের নামকরণের সঙ্গে প্রশাসনিক কেন্দ্রেরও সামঞ্জস্য থাকা প্রয়োজন। রহবল এলাকায় ইউপি ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সিংহভাগ জনগণের যাতায়াত ও সরকারি সেবা গ্রহণ সহজ হবে। এতে প্রশাসনিক কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর হবে বলেও দাবি করেন তারা।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে রহবল ইউনিয়ন পরিষদ ভবন রহবলেই নির্মাণের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সুদৃষ্টি কামনা করা হয়। একই সঙ্গে সঠিক স্থান নির্ধারণে প্রয়োজনে পুনরায় গণশুনানির আয়োজনের দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে দ্রুত রহবল এলাকায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের সুনির্দিষ্ট ঘোষণা না এলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

























