জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল প্রিন্টার্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনের বিরুদ্ধে।ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত বকশীগঞ্জ ডিজিটাল প্রিন্টার্সে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুমন রেজা।

সংবাদ সম্মেলনে সুমন মিয়া বলেন, বুধবার রাত ১২ টার দিকে আমি আমার ডিজিটাল প্রিন্টার্সে মেরুরচর ইউনিয়নের তাঁতী দলের নেতার অর্ডার করা একটি ব্যানারের কাজ করছিলাম। এমন সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং মেরুরচর ইউনিয়ন তাঁতী দলের নেতা ছামিউল হক সানীর ব্যানার বানানো নিষেধ করেন।

আমি কারণ জানতে চাইলে আশিকুর রহমান তুলন আমার ওপর ক্ষিপ্ত হয়ে চেয়ার, টেবিল, দরজার গ্লাস, একটি কম্পিউটার মনিটর ও আসবাবপত্র ভাঙচুর করেন। একই সঙ্গে আমাকে হত্যার হুমকি প্রদান করে চলে যান।

আমি এই কার্যক্রমে শঙ্কিতবোধ করছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা দাবি করছি। তাই ভাঙচুরের প্রতিবাদে তুলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করছি।