সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

সকাল ১১টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর মাল্টিপারপাস মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন।

মিছিলে উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। সেখানে তারা শেখ হাসিনার দেশে ফিরে আসা পর্যন্ত রাজপথের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান।

দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের ঘোষিত ১০ দিনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতেই টুঙ্গিপাড়ায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।