পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাড়ির পানির ট্যাংকের ভেতর থেকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা ১৮৩৯ সালের একটি প্লেটসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তুটি কথিত ম্যাগনেটিক পিলারের অংশ কি না, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। বিষয়টি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের ‘সাহেব বাড়িতে’ অভিযান চালিয়ে পানির ট্যাংকের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা দেখা যেত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা প্রশাসনকে গোপনে তথ্য দেন। পরে ওই তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক দফা তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় ব্যক্তিদের দাবি, তিনি ঢাকার বাসিন্দা।
উদ্ধার করা বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’- ১৮৩৯ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রতারণার উদ্দেশ্যে কোনো চক্র এ ধরনের বস্তু ব্যবহার করে থাকতে পারে। তবে বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, উদ্ধার করা বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে।