দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর জব্বার, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা।

এছাড়াও উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রাজপথে ঐক্যবদ্ধভাবে কঠোর প্রতিরোধ করা হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সর্বদা সোচ্চার থাকবেন বলেও তারা জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানান এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটান।