কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে মাদকবিরোধী অভিযানে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালিত দুটি অভিযানে মাদক পরিবহনের অভিযোগে দুই চালককে আটক করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ১০ মিনিটে হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিকেল ৫টা ৫০ মিনিটে একই পথে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যানবাহন দুটির গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় আবদুর রহমান (২৩) ও নুরু রহিম (২৫) নামের দুই চালককে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত যানবাহন এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।