চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জংশনের অদূরে একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার পর (মঙ্গলবার ভোররাতে) দর্শনা জংশন আউটারের দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ট্রেনের লোকোমাস্টার মো. নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার (এএলএম) কবীর হোসেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে ঈশ্বরদী থেকে তেলের খালি বিটিও (BTO) ট্রেন নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লোকোমাস্টার নজরুল ইসলাম। পথিমধ্যে রাত ৩টার পর ঢাকাগামী নকশিকাথা ট্রেনের সাথে ক্রসিংয়ের জন্য দর্শনা জংশন আউটারের দুধপাথিলা মুরগি ফার্ম সংলগ্ন এলাকায় ট্রেনটি দাঁড় করানো হয়।
এই সুযোগে ৪-৫ জনের একদল সশস্ত্র দুষ্কৃতিকারী ট্রেনের ইঞ্জিনে উঠে জানালার গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তিনি ও তার সহকারী গুরুতর জখম হন। হামলা শেষে জীবনের ঝুঁকি নিয়ে আহত অবস্থাতেই তারা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে আসেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
ট্রেনের গার্ড মোহাম্মাদ জামাল উদ্দিন জানান, রাত ১টার সময় ঈশ্বরদী শেড থেকে পিএসআইকে সিক্স ডাউন ট্রেন নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন তারা। পথিমধ্যে রাত ৩টা ১০ মিনিটে দর্শনা জংশনে ট্রেনটি আউটসাইড হওয়ার পর তিনি এলএম সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। পরে জানতে পারেন যে কিছু দুষ্কৃতিকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে এলএম-কে আক্রমণ করেছে। সেখানে গিয়ে তিনি দেখেন এলএমের হাতে দুই-তিন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উথলী স্টেশন সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনেই অবস্থান করছে। আহত চালকরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি গন্তব্যস্থল খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।