কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও রক্ষা পাননি মো. আলম (৪০)। সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে এপিবিএন ও টেকনাফ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৪-এর ব্লক-ই (এলএমএস) এলাকায় অভিযান চালানো হয়। ২৪ নম্বর লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল ও টেকনাফ মডেল থানা পুলিশের সদস্যরা ওই এলাকার ১৬২ নম্বর শেডে অভিযান পরিচালনা করেন। এ সময় পালানোর চেষ্টা করলে অভিযানকারী দলের সদস্যরা তাঁকে আটক করেন।

গ্রেপ্তার মো. আলমের পিতার নাম খুইল্যা মিয়া। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০২২ সালের ৫ মে দায়ের করা ওই মামলার নম্বর ১১; জিআর নম্বর ৪০৪/২২ (টি)। মামলাটি জুয়া আইন, ১৮৬৮-এর ৩ ও ৪ ধারায় করা হয়েছিল।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।