মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
প্রসব বেদনায় কাতর এক অসহায়, স্বামী পরিত্যক্ত নারীর পাশে দাঁড়িয়ে শুধু চিকিৎসার ব্যবস্থা করেই নয়, নবজাতক শিশুটির প্রতিও মমতার হাত বাড়িয়ে দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
জানা যায়, প্রসব বেদনা নিয়ে দিশেহারা ওই নারী শাহজাদপুরের রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছিলেন। অসহায় অবস্থায় তাঁর এমন আকুতি ও চিৎকারের বিষয়টি হঠাৎ নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের। বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন এবং ওই নারীকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তীতে হাসপাতালে ওই নারী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। তবে ইউএনওর মানবিক উদ্যোগ শুধু হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। নবজাতক শিশুটিকে পরম মমতায় কোলে তুলে নিয়ে মাতৃস্নেহে আদর করেন তিনি। পাশাপাশি মা ও নবজাতকের খোঁজখবর রাখার পাশাপাশি গত তিন দিন ধরে নিজের বাসা থেকে তাঁদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থাও করেছেন।
একজন অসহায় মায়ের চরম বিপদের মুহূর্তে একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এমন মানবিক উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।