কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে ইয়াবা সেবনের অভিযোগে সজিবুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের জাদিমুড়াস্থ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৭ ব্লকের ব্রিটিশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে ওই এলাকায় ইয়াবা সেবনরত অবস্থায় সজিবুর রহমানকে আটক করে। পরে তাঁকে এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সজিবুর রহমান টেকনাফের দক্ষিণ জাদিমুড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আইয়ুব এবং মায়ের নাম হামিদা বেগম।

মোবাইল কোর্ট মামলা নম্বর ২৫২/২৬, তারিখ ১৪ নভেম্বর ২০২৬-এর মাধ্যমে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।