কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে আবু বক্কর সিদ্দিক (৫২) নামে মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১৪ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল ডিউটি দল জানতে পারে, ওয়ারেন্টভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিক নিজ শেডে অবস্থান করছেন। পরে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালালে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-বি-এর ১৮৩ নম্বর শেডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।