শ্রীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

মাগুরার শ্রীপুরে সরকারি ঘর, চাউলের কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে দরিদ্র কৃষক পরিবারের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য নাজীর শেখ শ্রীপুর সদর ইউনিয়নের সাচিলাপুর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় প্রতিবেশীর থেকে ধার করে এনে ইউপি সদস্যকে দেওয়া ২ হাজার টাকা এখনো পরিশোধ করতে পারেননি বলে জানান ভুক্তভোগী নাসির শেখ। সে শ্রীপুর সদর ইউনিয়নের সাচিলাপুর গ্রামের দিয়ারপাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী নাসির শেখ জানান, বছর তিনেক আগে নাজির মেম্বার আমাদের বাড়িতে একটা ছাপড়াঘর দেখে বললো তোদের একটা ঘরের ব্যবস্থা করে দিবানে হাজার দুয়েক টাকা দে। পরে আমি সরকারি ঘরের আশায় একজনের কাছ থেকে ২ হাজার টাকা ধার করে এনে তার হাতে দিই। তবে আজ পর্যন্ত সেই ঘরের কোনো কাজ করে দেইনি। টাকা ও ফেরত দেইনি।

নাসির শেখ এর স্ত্রী কবিতা জানান, কিছুদিন পূর্বে একবার এসে বলেছিলো চাউলের কার্ড করে দিবে। ছবি তুলে নিয়ে গেলো আবার ১০০ টাকা ও নিয়ে গেলে নাজির মেম্বর। কিন্তু সেই চাউলের কার্ড ও আমাদের দেয়নি। এখন আবার বলছে ফ্যামিলি কার্ড করে দিবে। আজ পর্যন্ত আমাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি।

একই অভিযোগ তুলে সাচিলাপুর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা সেলিম মন্ডল জানান, বিএনপি সরকার আসার দুই বছর আগে সরকারি ঘর দেওয়ার কথা বলে নাজির মেম্বর ৫ হাজার টাকা নিয়েছে। টাকা নেওয়ার পর আমার ঘর ও দেয়না টাকা ও দেয়না।