কক্সবাজারের টেকনাফে বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় একটি সিএনজি থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিএনজিচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ নভেম্বর) সকালে দমদমিয়া চেকপোস্টে তল্লাশিকালে এসব মদ উদ্ধার করা হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে থামানোর পর চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে বিজিবির কে-৯ ডগের সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের ডান ও বাম পাশে লুকিয়ে রাখা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আবুল মঞ্জুর (৪৯) হোয়াইক্যংয়ের মনির ঘোনা এলাকার বাসিন্দা। মদ বহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।