“করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রবিউল রানা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মনিরুজ্জামান, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল সরকারসহ আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখা সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।