কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কাউনিয়া উপজেলার অটোরিকশাচালক মো. মিজানুর রহমান মিজান। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় ‘মানবতার অটোওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, প্রতি শুক্রবার এলাকার অসুস্থ ও অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অটোরিকশায় করে হাসপাতালে আনা-নেওয়া করেন মিজানুর রহমান। শুধু তাই নয়, প্রতি সোমবার অটোরিকশা চালিয়ে যে আয় করেন, তার সম্পূর্ণ অর্থ অসহায় মানুষের কল্যাণে দান করে দেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজ আদায়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বালাপাড়া ইউনিয়নের শাহবাজ গ্রামের অসহায় ও দরিদ্র এনামুল হক এবং নিজপাড়া গ্রামের হাসপাতালে চিকিৎসাধীন সালেহা বেগমের পাশে দাঁড়ান তিনি। তাঁদের চিকিৎসার জন্য নগদ অর্থের পাশাপাশি ১০ কেজি চাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন।
স্থানীয়রা জানান, মিজানুর রহমান প্রতি সপ্তাহে তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। তাঁর এই মানবিক কর্মকাণ্ড সমাজের অন্যদেরও মানবসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
বর্তমান সময়ে যখন অনেকেই ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত, তখন একজন সাধারণ অটোরিকশাচালকের এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাঁর কর্মকাণ্ড প্রমাণ করে, মানুষের কল্যাণে কাজ করতে বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন হয় না; প্রয়োজন একটি উদার মন, মানবিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছাশক্তি।