অপহৃত হওয়ার তিন দিন পর কক্সবাজারের টেকনাফে সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শিশুটির নাম মোহাম্মদ রোহান। সে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পরিবারের সঙ্গে বসবাস করে।

এপিবিএনের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শিশুটির অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। পরে অনুসন্ধানের মাধ্যমে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে শালবাগান এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

শিশুটির অপহরণের পেছনের কারণ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।