মাদকের চালানসংক্রান্ত বিরোধের জেরে চারজনকে ধরে নিয়ে পাহাড়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফে। এ ঘটনায় মোক্তার কামাল নামে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আহত ব্যক্তি। বুধবার সকালে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

আহত ইলিয়াসের অভিযোগ, মাদকের একটি চালান ছিনিয়ে নেওয়ার পর এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। চালানের ৭০ হাজার টাকা উদ্ধার হলেও বাকি ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের ধরে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি তাঁর।

ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান বিচারের কথা বলে তাঁদের চারজনকে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাঁদের পাহাড়ে নিয়ে মারধর করা হয়। নির্যাতনের একপর্যায়ে মোক্তার কামালের মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

নিহত মোক্তার কামাল হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। আহত অপর ব্যক্তি আলী আহমদ একই ইউনিয়নের তুলাতুলী এলাকার বাসিন্দা। তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ইলিয়াস।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পানখালী এলাকা থেকে একজনের মরদেহ ও আহত দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে মাদকের চালান ও অর্থ আত্মসাতের অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।