কুমিল্লার চৌদ্দগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী পরিবহনের আড়ালে ৬৭২ বোতল স্ক্যাপ সিরাপ নামের মাদক পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়ার আবু জাফরের ছেলে আবদুর রহিম মুন্না ও পৌর এলাকার নোয়াপাড়া কাজী বাড়ির মোঃ শহীদুল্লাহর ছেলে মোঃ নাহিদ। সোমবার সকালে মেঘনা-গোমতি সেতুর টোল প্লাজায় চেকপোস্টে তাদের আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতি সেতু টোল প্লাজায় থানার উপ-পরিদর্শক রেজওয়ানের নেতৃত্বে চেকপোস্ট কার্যক্রম চলছিল। ওই সময় একটি অ্যাম্বুলেন্সের ভিতর রোগী পরিবহনের নামে বিশেষ কায়দায় লুকানো ৬৭২ বোতল স্ক্যাপ সিরাপসহ দুইজনকে আটক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। আটককৃত দুইজনের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। তারা হলেন; নোয়াপাড়ার মোঃ নাহিদ ও বাহেরগড়ার আবদুর রহিম মুন্না।
দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক রেজওয়ান বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি’।