পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে যত্রতত্র ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জনস্বার্থে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, শহরের বিভিন্ন পয়েন্টে আইনের তোয়াক্কা না করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সড়ক ও ড্রেন দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে জুতা পট্টি এলাকায় ড্রেনের ওপর বিভিন্ন প্রকার ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, বাজারের প্রধান প্রধান সড়কে ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছের বাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে রাস্তায় কাঠ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র উঠে আসে। অবৈধ এসব স্থাপনার কারণে প্রতিদিন সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
অভিযান চলাকালে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভবিষ্যতে কেউ যদি পুনরায় ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করেন, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।” সাধারণ মানুষের স্বস্তি ও জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার এবং স্থানীয় বাজার কমিটির সম্মানিত নেতৃবৃন্দ।
প্রশাসন ও বাজার কমিটির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও সচেতন পৌরবাসী।