কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোঃ হাসমাতুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী সীমান্তের ফারিরবিল এলাকায় এ অভিযান চালানো হয়।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাঁকে চ্যালেঞ্জ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক হাসমাতুল্লাহ উখিয়ার ১২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আবুল বাশার।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। তিনি জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।