সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে তাঁকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর সংরক্ষিত নারী আসন-২৩-এ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করা হয়। ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততার অভিযোগ সামনে আসার পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশনা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে তিনি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার হাফিজ উদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
এরপর নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। ওই শূন্য আসনেই বিএনপির দলীয় মনোনয়ন পেলেন এলিজা জামান।