কক্সবাজারের উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি জসিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জসিম উদ্দিন উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।

গ্রেপ্তারের পর তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।