উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২৫ অক্টোবর) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী পেয়েছেন ২৩২ জন।
সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ কর্মসূচি পরিচালিত হয়। কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পেইনে দ্বীপের সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানও এসব উদ্যোগের অংশ।
তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।