চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্রসহ নয়টি মামলার পলাতক আসামি আব্দুল মাবুদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুল মাবুদ (৪০) সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়া ডেঙ্গা এলাকার বাসিন্দা।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে সাতকানিয়া থানায় নয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।