কক্সবাজারের উখিয়ায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোনসহ আব্দুল্লাহ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লাহ ওই এলাকার নুরুল আমিনের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় নলবুনিয়া জামে মসজিদের দক্ষিণ পাশ দিয়ে মিয়ানমার থেকে দুই থেকে তিনজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
টহল দল তাদের চ্যালেঞ্জ করলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা, দুটি দেশীয় দা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।