শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামে মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবু তালেব মেমোরিয়াল স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে অবদান ও স্মৃতিচারণ করেন অতিথিবৃন্দ এবং এলাকাবাসী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং থানারঘাট কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

এ সময় অতিথিবৃন্দ মরহুম আবু তালেব মাস্টারের স্মৃতিচারণ করে তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার গুরুত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। তাঁরা আবু তালেব মেমোরিয়াল স্কুলের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন এবং শিক্ষার প্রসারে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া স্মৃতি ও শিক্ষার আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল ও অর্থবহ করে তোলায় অতিথিবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আবু তালেব মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা তাহসিন নূরী খোকন।

তিনি আশা প্রকাশ করেন, সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় আবু তালেব মেমোরিয়াল স্কুল শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।