শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেরপুর সদর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা একাদশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী ও আবু রায়হান রূপণ, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফাইনালে ১-০ গোলের জয় নিয়ে শেরপুর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর মধ্য দিয়ে পর্দা নামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরের।