নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর)ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়নের দক্ষিণ লালপুরের আরিফুজ্জামান বাপ্পী (৪৮) ও উত্তর লালপুরের জিল্লুর রহমান (৪১)।
এসআরবি-৫, রাজশাহীর নাটোর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, আরিফুজ্জামান বাপ্পী মোটরসাইকেলে করে হেরোইন নিয়ে জিল্লুর রহমানের কাছে বিক্রির উদ্দেশ্যে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অভিযানে ৫২৫ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।