লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত আজাদ আলী (৫৭) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আজাদ আলী লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার পাইকপাড়া সেন্টার বাজারে মেঘনা পানস্টোরের সামনে পাকা সড়কে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন আজাদ আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে তাঁর মৃত্যু হয়।

লালপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে সন্দেহ বা অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানাকে অনুরোধ জানানো হয়েছে।