পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘রুচি আইসক্রিম’ নামক একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের এনডব্লিউ বাজার এলাকায় স্থানীয় আবুল হোসেনের মালিকانাধীন এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ কাগজপত্র ও বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই কারখানাটিতে অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।
অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী কারখানার মালিক আবুল হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বরিশালের পরিদর্শক মো. তাহসিন আলম। আইনি প্রক্রিয়া ও আইনশৃঙ্খলা রক্ষায় এ সময় নেছারাবাদ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ জানান, “মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া এবং অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির অপরাধে কারখানার মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মুচলেকা নিয়ে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”