পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর উপকরণ জব্দ করে ধ্বংস করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নকল দুধ তৈরির অভিযোগে আবুল বাশার নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আবুল বাশার ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও নকল দুধ তৈরির অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দুইবার জরিমানা করা হয়েছিল।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশার নিজ বাড়িতে বিভিন্ন রাসায়নিক ও ক্ষতিকর উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে আসছিলেন। পরে এসব দুধ বিভিন্ন কোম্পানির সিলিং সেন্টারে সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিপুল পরিমাণ পাম অয়েল, কেমিক্যাল জেলি, ডিটারজেন্ট, তৈরি করা নকল দুধ ও একটি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা এসব উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদ হাসান রনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় অপরাধের দায়ে আবুল বাশারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।