সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সমুদ্রে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার ও বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।