বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন বাড়ি থেকে গলিত মরদেহ উদ্ধার

​মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি নতুন নির্মাণাধীন বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত শফিকুল ইসলাম বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ছয় দিন আগে শফিকুল ইসলাম হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে কালিকাপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ভেতরে গিয়ে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
​এ বিষয়ে বড়াইগ্রাম থানার (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
​ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।