শেরপুরের নকলা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) নকলা উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী ও জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী রেহাই অষ্টধর গ্রামের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নদীভাঙনের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে খোঁজখবর নেন।

এ সময় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে জেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব সুদীপ্ত চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. জাহাঙ্গীর আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী সমাজের প্রতিনিধিরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন কর্মসূচিতে অংশ নেন।