“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুরের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ্ নাসরিন আক্তার। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক কামরুজ্জামান খান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল, আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রবীণ জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ, সুস্থ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রবীণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাঁদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।