কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘এসো হে নবীন, সবুজ চত্বরে—শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে কলেজটিতে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহমেদ, ইউপি চেয়ারম্যান ও অভিভাবক আনসার আলী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফকরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি আলিম নূর হোসেন ও শিক্ষার্থী রাফিয়া রায়হান। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ।
তারা আরও বলেন, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও মানবিক গুণাবলি বিকশিত করার আহ্বান জানান বক্তারা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই কলেজ কর্তৃপক্ষের লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের কলেজের নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।