মাগুরা শ্রীপুরে কর্মী সমাবেশে অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বদরুল আলম হিরো।

কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বদরুল আলম হিরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের ওপর যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্যাতন, নিপীড়ন কিংবা হয়রানি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা নিয়ে নিরাপদে বসবাস করতে পারবেন। কোনো মা-বোন যেন ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতন বা হয়রানির শিকার না হন—এ বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাজনৈতিক নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

বদরুল আলম হিরো আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি বা সহিংসতার সুযোগ যাতে কেউ নিতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

কর্মী সমাবেশে কাদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে দলীয় সাংগঠনিক বিষয়, স্থানীয় মানুষের পাশে থাকা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।