রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আগস্ট ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সমন্বয় সভা (বিভিন্ন সংস্থার সাথে) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় আগস্ট মাসের রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংঘটিত অপরাধ, মামলা দায়ের ও তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও যানজটসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। মহিলা চেম্বার অব কমার্স ও হোপ ব্রিজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। ফেডারেশন অব এনজিও বাংলাদেশের প্রতিনিধি ট্রাফিক ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও ব্যানার তৈরির উদ্যোগের কথা জানান।
পুলিশ কমিশনার মহোদয় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সময়মতো মেডিকেল ও ফরেনসিক রিপোর্ট প্রদান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির সকল থানা ও ইউনিটকে আন্তরিকতা, সততা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ জনগণ যাতে দ্রুত, কাঙ্ক্ষিত ও মানসম্মত পুলিশি সেবা পায়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো: ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (মতিহার) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) জনাব মো: আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র জনাব মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় র্যাব-৫, রাজশাহী; রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি); পিবিআই; সিআইডি; নৌ-পুলিশ; ট্যুরিস্ট পুলিশ; ফরেনসিক মেডিসিন বিভাগ, সিআইডি, রাজশাহী; ইএমও, রাজশাহী মেডিকেল কলেজ; রাজশাহী সিটি কর্পোরেশন; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী; চেম্বার অব কমার্স (পুরুষ) ও মহিলা চেম্বার অব কমার্স, রাজশাহী; এনজিও’স ফেডারেশন; দিনের আলো হিজড়া সংঘ এবং হোপ ব্রিজ ফাউন্ডেশন, রাজশাহীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।