জামালপুর প্রতিনিধি:সৌরভ আহমেদ
জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। পিবিআই তদন্তের বিষয়টি জানার পর প্রতিপক্ষের লোকজন পুরোনো ও পরিত্যক্ত একটি মোটরসাইকেলে আগুন দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম, মুকুল হোসেন ও আলম মিয়া বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম অভিযোগ করেন, মাদারগঞ্জ উপজেলার হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের জিকু, আলা উদ্দিন, মোশারফ, শফি, খোকন, জগলু ও কুদ্দুছসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গত ৮ সেপ্টেম্বর তার কাছে আরও ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে হামলার অভিযোগে তিনি আদালতে মামলা করেন। পরে আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেন।
রফিকুল ইসলামের দাবি, পিবিআই তদন্তের বিষয়টি জানার পর প্রতিপক্ষের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের ফাঁসাতে একটি পুরোনো ও পরিত্যক্ত মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা সাজিয়েছে। ওই ঘটনায় যাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের কয়েকজন ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা জমি বিরোধ, হামলা, চাঁদা দাবি এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।