জয়পুরহাটের পাঁচবিবিতে তমেজুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে আখক্ষেতে ফেলে রেখে যেতে পারে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন তমেজুল ইসলাম। রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি আটুল গ্রামের উদ্দেশে রওনা হন তিনি। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি।

শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তমেজুল ইসলামের বলে শনাক্ত করেন।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, আখক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।