জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও চর্চা বাড়াতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য আমজাদ হোসেন, ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না), সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী ম্যাচে ২ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের মুখোমুখি হয় ৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। ম্যাচকে কেন্দ্র করে মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এমন আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ার পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখার সুযোগ তৈরি হবে।